
স্টাফ রিপোর্টার:
জন-আকাঙ্ক্ষা পূরণে স্বচ্ছ ও দুর্ণীতি মুক্ত জনপ্রশাসনকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সর্বোচ্চ পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করার আহবান জানিয়েছেন ময়মনসিংহের জেলা প্রশাসক সাইফুর রহমান। জনগণের প্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা, দক্ষতা ও ন্যায়পরায়ণতা বজায় রেখে কাজ করার নির্দেশনা দিয়ে তিনি সরকারি সেবার প্রতিটি স্তরে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে প্রত্যেক কর্মকর্তা ও কর্মচারীকে সেবামূলক ও জবাবদিহিমূলক ভূমিকা পালন করার আহবান জানান।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কার্যক্রম পরিদর্শনে গিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে বিভিন্ন দপ্তরে কর্মরত সরকারি কর্মকর্তা/কর্মচারীগণের সাথে মতবিনিময়েকালে এসব কথা বলেন জেলা প্রশাসক সাইফুর রহমান। তিনি বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ওপর জনগণের অনেক প্রত্যাশা। এই প্রত্যাশা পূরণে সব কর্মকর্তা-কর্মচারীকে সৎ, দক্ষ ও ন্যায়পরায়ণ হতে হবে। এর আগে তিনি ত্রিশাল উপজেলায় পৌছলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে কর্মরত কর্মকর্তা কর্মচারীরা।
এসময় জেলা প্রশাসক বলেন-প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে উন্নয়নে এগিয়ে নেওয়ার যে স্বপ্ন নিয়ে কাজ করছেন তা বাস্তবায়নে সরকারি কর্মচারীদের দক্ষতা, আন্তরিকতা, পরিশ্রম, দূরদর্শিতা ও কাজের প্রতি একাগ্রতা অপরিহার্য। সরকারি সেবা প্রদানে কর্মকর্তাদের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত যাতে জনগণ কোনো অসুবিধার সম্মুখীন না হয়।
এ সময় উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, ত্রিশাল সার্কেলের সহকারী পুলিশ সুপার হাসান ইসরাফিল, ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহাম্মদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শহিদুল্লাহ সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ।
জেলা প্রশাসক উপজেলার বৈলর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন এবং সেবার মানোন্নয়নে বিভিন্ন দিক নির্দেশনা দেন। এসময় উপস্থিত সেবা প্রত্যাশীদের বক্তব্য শুনে তাৎক্ষণিক সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।এর আগে তিনি বৈলর ইউনিয়ন ভূমি অফিসে পৌছলে তাকে ফুলের শুভেচ্ছা জানান ইউনিয়ন ভূমি কর্মকর্তা বজলুর রশিদ।
একই সাথে তিনি ত্রিশাল সরকারি নজরুল একাডেমি পরীক্ষা কেন্দ্রে চলমান এসএসসি পরীক্ষার কেন্দ্রের পরিবেশ পরিদর্শন করেন।