বাংলাদেশ জামায়াতের আমির ডা.শফিকুর রহমান বলেছেন, কৃষকদের অবমূল্যায়ন করা মানে তার নিজের বাবাকেই অসম্মান করা।
তিনি জানান, তিনি একজন কৃষক পরিবারে জন্মগ্রহণ করেছেন এবং কৃষক-শ্রমিকদের প্রতি সম্মান প্রদর্শনকে নিজের নৈতিক ও ঈমানি দায়িত্ব বলে মনে করেন।
রবিবার (সকাল ১০টা) জেলার ইটনা উপজেলার শিমুলবাক দক্ষিণহাটি এলাকায় জামায়াত সমর্থক শাহ আলমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও এক স্মরণসভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
জামায়াতের আমির বলেন, তিনি ধনী পরিবারে জন্ম নেননি; বরং একজন কৃষকের সন্তান হিসেবে বেড়ে উঠেছেন। আল্লাহর অশেষ কৃপায় আজকের অবস্থানে এলেও শিকড় ভুলে যাননি। তার ভাষায়, “কৃষক-শ্রমিকদের সম্মান না করা মানে আমার বাবাকেই অপমান করা।
তিনি আরও বলেন, সমাজের দুই শ্রেণির মানুষের সান্নিধ্যে তিনি আলাদা তৃপ্তি অনুভব করেন। একদল নিষ্পাপ শিশু—যাদের কাছে গেলে পবিত্রতার আবহ পাওয়া যায়। অন্যদল দিনমজুর ও শ্রমজীবী মানুষ; যারা কঠোর পরিশ্রমের মাধ্যমে পরিবারের জন্য হালাল রুজি উপার্জন করেন। তাদের ঘাম ও শ্রমকে তিনি গভীর শ্রদ্ধার চোখে দেখেন।
তার বক্তব্যে উঠে আসে সাধারণ মানুষের প্রতি মর্যাদা প্রদর্শনের বিষয়টিও। তিনি বলেন, অনেক সময় দেখা যায় কেউ কেউ গরিব মানুষের সঙ্গে হাত মেলানোর পর আড়ালে গিয়ে হাত মুছে ফেলেন, যা দুঃখজনক। কিন্তু তিনি শ্রমজীবী মানুষের ঘামের গন্ধকেও সম্মানের প্রতীক হিসেবে গ্রহণ করেন।
স্মরণসভায় শাহ আলমের পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, সংগঠনের দায়িত্বে থাকা পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন। ভবিষ্যত নেতৃত্বও একই ধারা বজায় রাখবে বলে আশা প্রকাশ করেন।
এখানে উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি জেলার কটিয়াদীধীন সরকারি কলেজ মাঠে আয়োজিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ত্রয়োদশ সংসদ নির্বাচনের এক নির্বাচনি জনসভা শেষে বাড়ীতে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আব্দুস ছালাম (৬০) নামে এক কর্মীর মৃত্যু হয়। এছাড়া গত ৮ ফেব্রুয়ারি জেলার ইটনা মিনি স্টেডিয়ামে আয়োজিত আরেকটি নির্বাচনী সমাবেশে যাওয়ার পথে স্ট্রোক করে মারা যান শাহ আলম (৫০) নামে এক সমর্থক।
স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. সামিউল হক ফারুকী, কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির আমির অধ্যাপক মো. রমজান আলী, কিশোরগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, কাপাসিয়ার নবনির্বাচিত এমপি সালাউদ্দিন আইয়ুবী এবং ঢাকা উত্তর মহানগর জামায়াতের মজলিসে শূরা সদস্য অ্যাডভোকেট রোকন রেজা শেখ।

