
শফিকুল ইসলাম শামীম, পাকুন্দিয়া প্রতিনিধি:
১৭ ফেব্রুয়ারি সকালে ০৯:২০ ঘটিকায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার তারাকান্দিতে অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামি’আ হুসাইনীয়াহ আছআদুল উলুম (কওমী ইউনিভার্সিটি) প্রাঙ্গণে দুই দিনব্যাপী বার্ষিক ইসলাহী ও তা’লীমী জলছা সম্পন্ন হয়েছে। আখেরী মোনাজাতের মধ্য দিয়ে এই সমাবেশের সমাপ্তি ঘটে।
এবারের জলছার বিশেষ আকর্ষণ ছিল দাওরায়ে হাদিস সমাপনকারী শিক্ষার্থীদের ‘খতমে বুখারী’ বা বুখারী শরীফের শেষ পাঠদান এবং হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান অনুষ্ঠান। মাদ্রাসার প্রতিষ্ঠাতা বরেণ্য আলেম হযরত মাওলানা আব্দুল হালিম হুসাইনী (রহ.) সাহেবের আদর্শ ও স্মৃতিধন্য এই প্রাঙ্গণে দেশবরেণ্য ওলামায়ে কেরাম ও মাশায়েখগণ উপস্থিত ছিলেন।

দুই দিনব্যাপী এই মাহফিলে দেশি-বিদেশি প্রখ্যাত বক্তাগণ পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে তা’লীমী বয়ান পেশ করেন। বক্তারা তাদের আলোচনায় ইসলাহ বা আত্মশুদ্ধির গুরুত্ব বর্ণনা করেন, দ্বীনি শিক্ষা বিস্তারে কওমী মাদ্রাসার ভূমিকা তুলে ধরেন এবং দৈনন্দিন জীবনে ইসলামী আদর্শ পূর্ণাঙ্গভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।
সকাল থেকেই মাহফিল ময়দান ও এর আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। আখেরী মোনাজাতে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। মরহুম মাওলানা আব্দুল হালিম হুসাইনী (রহ.) সাহেবের রুহের মাগফেরাত এবং মাদ্রাসার উত্তরোত্তর উন্নতি কামনা করে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।