ঢাকামঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

সোহরাওয়ার্দী উদ্যানে ঢাবি শিক্ষার্থী ও সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে ডাকসুর তীব্র নিন্দা ও দোষীদের শাস্তির দাবি

প্রতিবেদক
Daily Somor Diganta
ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ৫:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর আক্রমনে বাংলানিউজ২৪-এর মাল্টিমিডিয়া সাংবাদিক তোফায়েল আহমেদ মারাত্মকভাবে আহত হয়েছেন। একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের নেতা নাইম আহমেদের ওপরও বিনা উসকানিতে পুলিশ আক্রমণ করেছে। ডাকসু এই দুই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

সোমবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে পরিচালিত অভিযানের সময় দায়িত্ব পালনকালে সাংবাদিক তোফায়েল আহমেদের ওপর হামলা চালানো হয়, যার ফলে তিনি গুরুতর আহত হন। একই ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাইম আহমেদকে কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই লাঠিপেটা করা হয়েছে। একজন নিরস্ত্র ব্যক্তিকে এভাবে আক্রমণ করা আইন ও মানবাধিকারের পরিপন্থী। অভিযান চলাকালে কারও কাছে বেআইনি কোন কিছু পাওয়া গেলে এবং কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তাকে আইনানুগ প্রক্রিয়ায় গ্রেফতার করে আদালতে সোপর্দ করাই বিধিসম্মত পন্থা। কিন্তু বিনা উসকানিতে বলপ্রয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ও দায়িত্ব পালনরত একজন সাংবাদিকের ওপর এ ধরনের হামলা অত্যন্ত ন্যক্কারজনক এবং স্বাধীন গণমাধ্যম ও নাগরিক অধিকার পরিপন্থী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে সংযম, পেশাদারিত্ব ও আইনের প্রতি শ্রদ্ধাশীল আচরণ প্রত্যাশিত। রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে নিরস্ত্র নাগরিকদের ওপর আক্রমণ কোনো সভ্য রাষ্ট্রব্যবস্থায় কাম্য নয়। পুলিশ বাহিনীকে তাদের দায়িত্ব ও সীমা সম্পর্কে সচেতন থেকে কাজ করতে হবে।

ডাকসু অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িত দায়ী পুলিশ সদস্যদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছে। একই সঙ্গে সোহরাওয়ার্দী উদ্যানসহ যেসব এলাকায় নিয়মিত মাদকবিরোধী বা অন্যান্য অভিযান পরিচালিত হয় সেখানে যেন কোনো নিরীহ শিক্ষার্থী, সাংবাদিক বা সাধারণ মানুষ হয়রানি ও হেনস্তার শিকার না হন সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা ও নজরদারির আহ্বান জানানো হচ্ছে।

Facebook Comments Box