নুরুজ্জামান আশরাফ, বাজিতপুর, কিশোরগঞ্জ:
সোমবার ১ মার্চ ২০২৬ বিকাল তিন ঘটিকায় বাজিতপুর গণনাট্যমঞ্চে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জ-৫ (নিকলী–বাজিতপুর) আসনে স্বতন্ত্র সংসদ সদস্যকে হুমকির অভিযোগে জাতীয় দৈনিক দৈনিক কালের কণ্ঠ ও বাংলাদেশ প্রতিদিন-এ প্রকাশিত সংবাদের প্রতিবাদে বাজিতপুরে সংবাদ সম্মেলন করেছে বিএনপি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অ্যাডভোকেট শাহ-আলম লিখিত বক্তব্যে বলেন,গত ২৬ ফেব্রুয়ারি সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল মুখ্য উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা এবং পুলিশের প্রতিনিধিরা সভায় অংশ নেন।
বক্তারা দাবি করেন, ওই সভায় সংসদ সদস্যের সঙ্গে ১৫ থেকে ২০ জন ব্যক্তি নিয়মবহির্ভূতভাবে প্রবেশ করে বক্তব্য দেন। এ বিষয়ে প্রশ্ন তোলার পরদিন ২৭ ফেব্রুয়ারি কালের কণ্ঠ এবং ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিএনপি মনোনীত সাবেক এমপি প্রার্থী সৈয়দ এহসানুল হুদা আইন-শৃঙ্খলা সভা চলাকালে সহসঙ্গীদের নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে প্রবেশ করে স্বতন্ত্র এমপিকে হুমকি দিয়েছেন।
সংবাদ সম্মেলনে এ অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলা হয়, আইন-শৃঙ্খলা সভাটি সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হয়ে দুপুর ১২টা ৩০ মিনিটে শেষ হয়। একই দিন বিকাল ৩টা ১৫ মিনিটে পূর্বনির্ধারিত সৌজন্য সাক্ষাতে সৈয়দ এহসানুল হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যান এবং বাজিতপুরের উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। সভা চলাকালে তিনি বা তাঁর সঙ্গে থাকা কোনো নেতা উপস্থিত ছিলেন না বলেও দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাজিতপুর পৌর বিএনপির সভাপতি এহসান কুফিয়া, অ্যাডভোকেট শাহ-আলম—বাজিতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও জেলা যুবদলের সহ-সভাপতি, কাইয়ুম খাঁন হেলাল উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, কাজল ভূইয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং বাজিতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আনিসুর রহমান খোকনসহ স্থানীয় নেতাকর্মীরা।
বক্তারা প্রকাশিত সংবাদকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দিয়ে সংশ্লিষ্ট পত্রিকা কর্তৃপক্ষ কে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহব্বান জানান এবং ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেন।

