বিএনপির সন্ত্রাসীদের হামলায় নিহত জীবননগরের বাঁকা ইউনিয়ন জামায়াতের আমীর মফিজুর রহমানের প্রথম জানাযার নামাজ ঢাকায় আজ ১০ মার্চ বিকেল সোয়া ৩টায় অনুষ্ঠিত হয়েছে।
শহীদ মফিজুর রহমানের জানাযায় ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।
এছাড়া জানাযা নামাজে অংশগ্রহণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চুয়াডাঙ্গা জেলা আমীর এডভোকেট রুহুল আমিন ও ঢাকা-৪ আসনের এমপি মো. জয়নুল আবেদীন প্রমুখ।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গার জীবননগরে ইফতারের পর বিএনপির সন্ত্রাসীদের হামলায় গুরুতরভাবে আহত হয়ে ঢাকাস্থ কাকরাইলের অরোরা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। আহত হওয়ার দশদিন পর ১০ মার্চ মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের প্রথম নামাজে জানাযা শেষে লাশ নিয়ে নিজ জেলা চুয়াডাঙ্গার দিকে রওনা হয়েছেন স্বজন ও জেলা জামায়াতের আমীরসহ দায়িত্বশীলরা।
উল্লেখ্য, এর আগে একই দিনে সন্ত্রাসীদের হামলার শিকার হয়ে শহীদ হয়েছেন মরহুমের আপন ভাই জামায়াত কর্মী হাফিজুর রহমান।

