হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের হালুয়াঘাটে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসনের এই আয়োজনে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য সালমান ওমর রুবেল।দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়।উপজেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্য ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।পরে সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে, পুলিশ, আনসার-ভিডিপি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শিত হয়।পরবর্তীতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সালমান ওমর রুবেল বলেন, ” বীর শহীদরা যে আত্মত্যাগ করেছেন, তাদের সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত স্বাধীনতার চেতনাকে বুকে ধারণ করে দেশ গড়ার কাজে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবার রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

