
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের মাইজহাটি পূর্বপাড়া গ্রামে দীর্ঘদিনের ভাঙাচোরা গ্রামীণ রাস্তা নিজস্ব অর্থায়নে ইট দিয়ে সংস্কার করেছেন পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও পাকুন্দিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি কাজী মোঃ রফিকুল ইসলাম।
সোমবার (১০ আগস্ট) সকালে মাইজহাটি পূর্বপাড়া গ্রামের ভাঙা রাস্তার সংস্কার কাজ শুরু করা হয়। এতে দীর্ঘদিনের জন দুর্ভোগ থেকে কিছুটা স্বস্তি পেয়েছেন স্থানীয় বাসিন্দারা।
রাস্তা সংস্কার কাজের সময় উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিট সভাপতি মোঃ শরিক উদ্দিন, বুলবুল, রুবেল, নাইমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী।

চেয়ারম্যান পদপ্রার্থী কাজী মোঃ রফিকুল ইসলাম বলেন, “সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসা উচিত। আমার সামর্থ্য অনুযায়ী রাস্তা-ঘাট সংস্কারসহ বিভিন্ন সামাজিক কাজে সহযোগিতা করে আসছি। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে। গত দুই দিন আগে রাস্তাটি পরিদর্শন করেছি। আজ নিজস্ব অর্থায়নে ইট দিয়ে রাস্তাটির সংস্কার কাজ করা হয়েছে।”
স্থানীয় বাসিন্দা মোঃ নাইম বলেন, “অনেক দিন ধরে রাস্তাটি ভাঙাচোরা থাকায় আমাদের চলাচলে কষ্ট হতো। বিভিন্ন মালামাল আনা-নেওয়াতেও জন দুর্ভোগ পোহাতে হতো। এই রাস্তা দিয়ে প্রতিদিন ৭-৮টি অটোরিকশা চলাচল করে। চেয়ারম্যান পদপ্রার্থী রফিক ভাই তাহার নিজস্ব অর্থায়নে ইট দিয়ে রাস্তা মেরামত করায় এখন আমাদের চলাচল সহজ হবে। এ উদ্যোগের জন্য আমরা গ্রামবাসী তাঁর প্রতি কৃতজ্ঞ।”
স্থানীয়রা জানান, দীর্ঘদিন সংস্কারের অভাবে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। জামাতে ইসলামীর চেয়ারম্যান প্রার্থীর নিজস্ব উদ্যোগে রাস্তাটি সংস্কার করায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। ভবিষ্যতে রাস্তাটির স্থায়ী সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।