কটিয়াদি, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের মসূয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তাতারকান্দা এলাকার বাসিন্দা মো. শামীম নামে এক প্রবাসী বিদেশে অবস্থানকালে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। গতকাল বিদেশে থাকা অবস্থায় তিনি আত্মহত্যা করেন।
তবে তার আত্মহত্যার পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়দের মতে, প্রবাসে থাকা অনেক মানুষ পরিবার ও স্বজনদের কাছ থেকে দূরে থেকে কঠিন বাস্তবতার মধ্য দিয়ে জীবনযাপন করেন। এর মধ্যে পারিবারিক বিরোধ, অর্থনৈতিক প্রত্যাশা ও বিভিন্ন ধরনের মানসিক চাপ তাদের ওপর অতিরিক্ত বোঝা হয়ে দাঁড়াতে পারে। অতিরিক্ত মানসিক চাপ অনেক সময় একজন মানুষের স্বাভাবিক জীবনযাপনকে কঠিন করে তোলে এবং চরম সিদ্ধান্তের দিকে ঠেলে দিতে পারে।
এ অবস্থায় প্রবাসীদের পরিবারের সদস্যদের প্রতি সহমর্মী ও মানবিক আচরণের আহ্বান জানিয়েছেন সচেতন মহল। তাদের মতে, প্রবাসীরা আপনজন ও পরিবারের সদস্যদের ছেড়ে বিদেশে থাকাটাই একটি বড় মানসিক যন্ত্রণা। তাই তাদের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে অযথা চাপ সৃষ্টি না করে পারিবারিক দ্বন্দ্ব নিজেদের মধ্যে সমাধানের চেষ্টা করা উচিত।
প্রবাসীদের মানসিক শান্তি ও সুস্থতার বিষয়টি গুরুত্ব দিয়ে পরিবারের সদস্যদের প্রতি তাদের দুশ্চিন্তা কমিয়ে একটি শান্তিপূর্ণ প্রবাসজীবনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

