এনামুল হক জাহিদ, পাকুন্দিয়া থেকে:
‘নিরাপদ সড়ক চাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা, আহতদের দ্রুত সুস্থতা এবং সড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করার লক্ষ্যে পবিত্র কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পাকুন্দিয়া উপজেলার কিশোরগঞ্জ-টোক মহাসড়কের পাকুন্দিয়া বাইপাস মোড়ে (মৌসুমি সিনেমা হলের উত্তর পার্শ্বে) এ ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৫টা ৩০ ঘটিকায় নিরাপদ সড়ক চাই (নিসচা) পাকুন্দিয়া উপজেলা শাখার যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, গত দুই বছরে কিশোরগঞ্জ-টোক মহাসড়কে একাধিক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অনেক মানুষ প্রাণ হারিয়েছেন এবং অসংখ্য মানুষ আহত ও পঙ্গুত্ববরণ করেছেন। নিহতদের রুহের মাগফিরাত কামনা, আহতদের সুস্থতা এবং চালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে।

সচেতনতা মূলক প্রচারে সর্বসাধারণের অংশগ্রহণ
দোয়া মাহফিলে সড়ক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত আরোগ্য এবং দেশের সকল সড়কে নিরাপদ পরিবেশ প্রতিষ্ঠার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়।
এ বিশেষ দোয়ায় স্থানীয় মসজিদের ইমাম, উলামায়ে কেরাম, মাদরাসার শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
দোয়া শেষে চালক ও পথচারীদের ট্রাফিক আইন মেনে চলা, অতিরিক্ত গতি পরিহার করা এবং নিরাপদ সড়ক গড়ে তুলতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

