ঢাকাThursday , 1 January 2026
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে মাদ্রাসায় হামলা, দুই শিক্ষক আহত

প্রতিবেদক
Daily Somor Diganta
January 1, 2026 10:14 pm
Link Copied!

আব্দুল্লাহ আল আনসার, বনগ্রাম, কটিয়াদি প্রতিনিধি:

০১ জানুয়ারি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের ভিটিপাড়া ইব্রাহিমিয়া দাখিল মাদ্রাসায় ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে দুই শিক্ষককে হামলা করে আহত করার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। রাতে বিষয়টি নিশ্চিত করেন মাদ্রাসার সুপার মাওলানা আশরাফ উদ্দিন।

আহত শিক্ষকরা হলেন— মাদ্রাসার সহকারী শিক্ষক মো. আল আমিন ও মো. হাবিবুর রহমান। তাদের উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ ডিসেম্বর কটিয়াদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে অনুষ্ঠিত মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচনে মো. রফিকুর ইসলাম সভাপতি নির্বাচিত হন। ওই নির্বাচনে শিক্ষক প্রতিনিধি হিসেবে মো. আল আমিন ও মো. হাবিবুর রহমান ভোট প্রদান করেন।

অভিযোগ রয়েছে, একই মাদ্রাসার ইবতেদায়ী শিক্ষক মো. লুৎফুর রহমানের ভাগ্নির জামাই সভাপতি পদে পরাজিত হওয়ায় তিনি ক্ষুব্ধ হন। এরই জেরে বৃহস্পতিবার সকালে শিক্ষকরা মাদ্রাসায় উপস্থিত হলে মো. লুৎফুর রহমান বহিরাগত সহযোগীদের নিয়ে সহকারী শিক্ষক মো. আল আমিন ও মো. হাবিবুর রহমানের ওপর অতর্কিত হামলা চালান। পরে স্থানীয় এলাকাবাসী, শিক্ষক ও শিক্ষার্থীরা আহত দুই শিক্ষককে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

আহত শিক্ষকরা জানান, মাদ্রাসার সাবেক এডহক কমিটির সভাপতির পরাজয়ের কারণে পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালানো হয়েছে।

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. হাবিবুর রহমান জানান, আহত দুই শিক্ষক বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে মাদ্রাসার সুপার মাওলানা আশরাফ উদ্দিন বলেন, “ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে জুনিয়র শিক্ষক মো. লুৎফুর রহমানসহ কয়েকজন শিক্ষক অন্য শিক্ষকদের ওপর হামলা চালিয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”

অন্যদিকে, এডহক কমিটির সভাপতি ও সভাপতি পদপ্রার্থী মো. আতিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনার সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তিনি শুনেছেন শিক্ষকদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে এবং অনাকাঙ্ক্ষিত এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।

কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ বলেন, “মাদ্রাসা পরিচালনা কমিটির নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষকদের ওপর হামলার বিষয়টি আমি অবগত আছি। অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Comments